মুলাদীতে দেড়শ ইয়াবাসহ যুবক আটক

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৭:৩০ পিএম
মুলাদীতে দেড়শ ইয়াবাসহ যুবক আটক

বরিশালের মুলাদীতে ১৫০টি ইয়াবাসহ জাহিদ ব্যাপারী (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার পূর্ব তেরচর এলাকায় বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। জাহিদ ব্যাপারী পূর্ব তেরচর গ্রামোর মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে। 

থানা পুলিশ জানায়, জাহিদ ব্যাপারী দীর্ঘদিন ধরে মুলাদী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দীনের নেতৃত্বে একটি দল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। ওই সময় তার প্যান্টের পকেট ও মানিব্যাগের মধ্য হতে ১৫০টি ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় মুলাদী থানায় একটি মামলা হয়েছে।  মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ইয়াবাসহ আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে