দুর্নীতি-অনিয়মে ‘জিরো টলারেন্স’, অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম
দুর্নীতি-অনিয়মে ‘জিরো টলারেন্স’, অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন পুতুল বলেছেন, “যেখানে দুর্নীতি ও অনিয়ম, সেখানেই প্রশাসনের কর্মকর্তারা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন। কোনো অভিযোগ অবহেলা করা হবে না, কোনো ধরনের অপারগতাও সহ্য করা হবে না। জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।”

শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা, জৈব সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষিকে আরও লাভজনক, উৎপাদনশীল ও টেকসই করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। বিশেষ করে নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, “আমি দিন-রাত এই অঞ্চলসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জনগণের সক্রিয় সহযোগিতা, অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।” অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। এ সময় বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আপনার জেলার সংবাদ পড়তে