সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৬, ০৪:৩৫ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৪:৩৫ পিএম
সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান জহুরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।ফ্রি অ্যাম্বুলেন্সে বিভিন্ন শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা দেওয়া হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগ ব্যাপক প্রশংসনীয়। 

রোববার সকালে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু 

অন্যান্যদের মধ্যে বক্তব্য বাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের ও শিবির সভাপতি শাহিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সর্বানন্দ ইউনিয়নের জামায়াতের আমীর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করা একটি সময়োপযোগী, জনবান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ। এই সেবার মাধ্যমে অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা গ্রণের সুযোগ পাবেন। তারা  জহুরুল ইসলামেকে মানবতার চেয়ারম্যান হিসাবে আখ্যা প্রদান করেন।  এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। কোনো মানুষ যেন শুধু অর্থের অভাবে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই এই বিনামূল্যের মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। ইউনিয়নের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় এই সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে মানবিক সহায়তায় ফ্রি  অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে