বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার দুপুর ১ টায় নাটোরের সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া-টু-শহরবাড়ি রাস্তায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম শ্রী গৌতম (৪৫)। সে উপজেলা চৌগ্রাম ইউনিয়নের বড়চৌগ্রাম বৈরাগীপাড়ার মৃত গিরেন চন্দ্র মহন্তের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণির এক মেয়ে শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন। বালুয়া বাসুয়া পাকা রাস্তায় বাড়ির প্রবেশ মুখে ভুক্তভোগী শিক্ষার্থীকে অভিযুক্ত যুবক গৌতম শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেয়েটির পরিবারের কাছ থেকে মামলা দায়ের করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।