সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার (৬ জুলাই) দিবাগত গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে বিস্ফোরক আইনে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটরের মাধ্যমে সমাবেশের কার্যক্রম চালানো হয়। রাত ৯টা ৪২ মিনিটে মঞ্চের সামনে দুর্বৃত্তরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দলের তিন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর নাহিদ ইসলাম নেতাকর্মীদের নিয়ে সাভার মডেল থানায় যান।
ঘটনার পর গভীর রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “সমাবেশ চলার সময় কেন বিদ্যুৎ গেল, কারা বিস্ফোরণ ঘটিয়েছে, এসব বিষয় নিয়েই তদন্ত করা হবে। ঘটনায় যারা জড়িত, তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।”
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।