বরগুনার তালতলীতে পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ৫জন গোসলে নেমে আসাদুল (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিম্নচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউ ও অতিরিক্ত পানির স্রোতের চাপে সে নিখোঁজ হন। নিখোঁজ আসাদুল্লাহ আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসা হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালতলী থানা পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের একদল উদ্ধারকারী সদস্যরা পর্যটক নিঁখোজ আসাদুলকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া বৈরী থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
তালতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা হাওলাদারের ছেলে আসাদুল্লাহ (১৬) তার দুই বন্ধু বশির হাওলাদারের ছেলে আতাউল্লাহ (১৭) ও জাফর হাওলাদারের ছেলে মো. জাকারিয়া (১৫) কে নিয়ে সোমবার সকালে তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের ভগ্নিপতি শাওন এর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় ভগ্নিপতি শাওন (২৫)ও আরেক বন্ধু সাগর (২৩)সহ ৫জন মিলে শুভসন্ধ্যা সৈকতে ঘুরতে যান। সৈকতে ঘোড়া শেষে তারা সাগরের পানিতে গোসলে নামেন। নিম্ন চাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে ৫বন্ধু গভীর সাগরে ভেসে যান। এসময় স্থানীয় জেলেরা দেখতে পেয়ে আতাউল্লাহ, জাকারিয়া, শাওন ও সাগরকে উদ্ধার করে কিনারে নিয়ে আসেন। এসময় নিখোঁজ হন আসাদুল্লাহ। স্থানীয় এক জেলে জানান, আসাদুল ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত এসে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ আসাদুলকে উদ্ধার করতে অভিযান শুরু করেন।
নিদ্রা সখিনা নৌ-পুলিশ ক্যাম্পের এসআই মো. জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে উপস্থিত হয়ে নিখোঁজ পর্যটক আসাদুল্লাহকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তালতলী উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার লিডার মো. আহসান হাবিব বলেন, নিখোঁজ পর্যটক আসাদুল্লাহকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে বৈরী আবহাওয়ার কারনে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।
তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে পাঁচ বন্ধু তালতলীর শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে সমুদ্রে গোসলে নেমে আসাদুল নামে একজন নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য পুলিশ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সাগরে নিম্নচাপ এবং বিরামহীন বৃষ্টির কারনে অভিযান পরিচালনায় কিছুটা ব্যাঘাত ঘটছে।