সাগরে ট্রলার ডুবি

কলাপাড়ায় সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার হলো ১৬ জেলে, নিখোঁজ দুই

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ৮ জুলাই, ২০২৬, ০৫:২৩ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৫:২৩ পিএম
কলাপাড়ায় সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার হলো ১৬ জেলে, নিখোঁজ দুই

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এফবি মহিমা ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ১৬ জেলেকে দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করেছে। এরমধ্যে ১২ জেলেকে আজ দুপুরে কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে।  এখনও নিখোঁজ রয়েছে এ ট্রলারের দুই জেলে। তারা হলেন কালাম ও শহীদ। তাদের বাড়ি তালতলীর ছোট আমখোলা গ্রামে।  মহিপুরের ট্রলার মাঝি নাসির খান জানান, গতকাল বিকালে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের তোড়ে মহিমা ট্রলার ডুবে যায়। এসময় সাগরে ভাসমান অবস্থায় কলাপাড়ার পাটুয়ার রুবেল মাঝির ট্রলার ১২ জেলেকে এবং অন্য একটি ট্টলার চার জেলেকে উদ্ধার করে।  আজ দুপুরে অসুস্থ অবস্থায় ১২ জেলেকে মৎস্য বন্দর মহিপুরের সরদার ফিসে নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর অসুস্থ জেলে জামাল, ইমরান, আশরাফুল ও ফারককে  চিকিৎসা দেয়া হয়েছে।  অপর আহত কামাল, মনির, আলামিন, শামিম, নাসির, নুরজামাল ও সাগরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়ার মহিপুরের সরদার ফিসের মালিক মোশারফ সরদার জানান, উদ্ধার হওয়া ১২ জেলে এখন তাদের আড়তে রয়েছে।  তারা কিছুটা সুস্থ রয়েছে।  তবে এখনও নিখোঁজ দুই জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।  সাগর উত্তাল থাকায় তাদের সন্ধানে সমুদ্রে যাওয়া যাচ্ছে না।  তবে সাগরের বিভিন্ন মোহনায় খোঁজ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে