রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু, আহত পাঁচ জনকে উদ্ধার

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৮ জুলাই, ২০২৬, ০৮:২৯ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৮:২৬ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু, আহত পাঁচ জনকে উদ্ধার
ছবি, সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত পাহাড় ধসে দেয়াল ভেঙে একটি বালিকা হেফজখানায় মাটিচাপা পড়লেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন ছাত্রী, একজন শিক্ষক ও অন্য এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে প্রবল ভারী বর্ষণের সময় পাহাড় ধসে একটি জরাজীর্ণ দেয়াল বালিকা হেফজখানার ওপর আকস্মিক ভেঙে পড়ে। এতে সেখানে অবস্থানরত ২৫ থেকে ৩০ জন মাটিচাপা পড়েন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন। অপর পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিজানুর রহমান আরও জানান, বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকাজে অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা অভিযান শেষ করেছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে