সৈয়দপুরে খেলোয়াড় সুমাইয়ার পাশে ইউএনও

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৬:২৯ পিএম
সৈয়দপুরে খেলোয়াড় সুমাইয়ার পাশে ইউএনও

খেলাধুলায় প্রতিভা বিকাশে উৎসাহ দিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা এক প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, আর্থিক ও বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও দীর্ঘদিন ধরে জেলার হয়ে সাফল্যের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন ক্রিকেট খেলোয়ার সুমাইয়া আক্তার। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার প্রয়োজনীয় সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও মেধাবী খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে যেতে হলে প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের উৎসাহ দিতে আমরা সবসময় আন্তরিক। ৯ জুলাই সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই খেলোয়াড়ের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও সচেতন মহল বলেন, উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। খেলোয়াড় ও তার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। স্থানীয়দের মতে, প্রশাসনের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলে সৈয়দপুর থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।

আপনার জেলার সংবাদ পড়তে