কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের সহায়তা প্রদান

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৩ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম
কাপাসিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের সহায়তা প্রদান
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া কেন্দ্রীয় বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১২ জুলাই রোববার ভোরে অগ্নিকান্ডের খবর পেয়ে কাপাসিয়ায় যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুকনো খাবারসহ ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীকে তাৎক্ষণিক ভাবে পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে নবাগত ইউএনও হাফিজুল হক বলেন, “এই আকস্মিক দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই আপনাদের পাশে আছে এবং যেকোনো সংকটে সবসময় পাশে থাকবে। পরবর্তীতে আরও সরকারি বরাদ্দ আসলে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।” পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত "কাপাসিয়া কেন্দ্রীয় বাজারে" ১২ জুলাই রোববার ভোর প্রায় ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের পর মুহূর্তেই তা বাজারের মসজিদ সংলগ্ন কাপড়ের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ফলে মূহুর্তের মধ্যে ৯টি দোকান এবং একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকা সহ সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে