সৈয়দপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৩ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম
সৈয়দপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। তাদের দক্ষতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে এই জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা ও তরুণদের ক্ষমতায়নের কোনো বিকল্প নেই।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জনসংখ্যা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে