প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব সাংবাদিক কন্যা সাওদার, স্বপ্ন শিক্ষক হওয়ার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৬:৫২ পিএম
প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব সাংবাদিক কন্যা সাওদার, স্বপ্ন শিক্ষক হওয়ার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে যশোরের অভয়নগরে সাংবাদিক কন্যা জুয়াইরিয়া নানজিবা সাওদা। নওয়াপাড়া আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করা এ শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখা।

জুয়াইরিয়া নানজিবা সাওদা নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এস এম মুজিবর রহমান এবং গৃহিণী শিরিন রহমানের ছোট মেয়ে। ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে পড়াশোনায় নিজের সক্ষমতার পরিচয় দিয়ে আসছে সাওদা। সর্বশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় যুক্ত হলো নতুন সাফল্য।

রোববার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে। সাওদার এ সাফল্যে পরিবার, সাংবাদীক মহল, ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার বাবা-মা এ অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের অনুভূতি জানিয়ে সাওদা বলে, "আমি ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হতে চাই। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে চাই।" সাওদার বাবা-মা জানান, মেয়ের এই অর্জন তাদের গর্বিত করেছে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে