প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম
প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

এসব প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে এ অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হচ্ছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ স্বীকৃতি পাচ্ছে।

এ ছাড়া অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সঙ্গে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও সফলতা তুলে ধরা হচ্ছে। প্রদর্শনী স্টলগুলোতে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’সহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে