নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ফেব্রিক্স গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রথমে ইপিজেড ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। গুদামে বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দীর্ঘ সময় কাজ করার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ভেতরে জমে থাকা তাপ পুরোপুরি নিভিয়ে ফেলতে ডাম্পিং কার্যক্রম চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, “ভোর ৪টা ১০ মিনিটে আগুনের খবর পাই। শুরুতে ইপিজেডের ফায়ার স্টেশন কাজ শুরু করলেও পরে বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। কাপড়ের গুদাম হওয়ায় এখনো কিছু জায়গা থেকে অল্প ধোঁয়া বের হচ্ছে। তবে এখন আর কোনো ঝুঁকি নেই।”
আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও ডাম্পিং কার্যক্রম চলছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
এদিকে আগুনের খবর সংগ্রহে ঘটনাস্থলে যাওয়া কয়েকজন গণমাধ্যমকর্মীকে ইপিজেডের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।