গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
সূত্র জানায়, উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ নিম্নমানের ভেজাল কসমেটিকস বিক্রির অভিযোগ ছিলো।
অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ধারার ৪০ এর (খ)/(গ) এবং ১২ এর ৩৬ (২) অনুযায়ী অবৈধ ও ভেজাল কসমেটিকস পাওয়া যায়। এসময় ৫ জন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গাজীপুরের ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। ব্যাঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান সৌরভ। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমরা বরদাস্ত করব না। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভেজাল কসমেটিকস বিক্রি করা আইনের চোখে অপরাধ। এই ধরনের অসাধু কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে যেন তারা কোনোভাবেই আইন অমান্য না করেন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা আমাদের অগ্রাধিকার।”
কাপাসিয়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের অভিযান আরও নিয়মিত করার দাবি জানিয়েছেন।