বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

দায়বদ্ধতা থেকে যা করার তা করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পার্বত্য প্রতিমন্ত্রী

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৫:৫৪ পিএম
দায়বদ্ধতা থেকে যা করার তা করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পার্বত্য প্রতিমন্ত্রী

ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন বলেছেন, জনগনের ভোটে নির্বাচিত মানে হচ্ছে জনগনের প্রতি শতভাগ দায়বদ্ধতা থাকা। জনগনকে কিছু চাইতে হবে না; দায়বদ্ধতা থেকে দেশের প্রতিটি উপজেলায় যা যা করার তা তা করার জন্য এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার (১৫ জুলাই) দুপুরে রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে বাঘাইছড়ি ফায়ার স্টেশনের জন্য ভুমি অধিগ্রহণের কাজ চলছে। শীঘ্রই কাজও শুরু হবে। এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় আধুনিক মানের ভুমি অফিস নির্মাণ শুরু হয়েছে এবং নির্মাণ করা হবে। প্রতিটি উপজেলায় সম উন্নয়ন করা হবে। উন্নয়ন বৈষম্য দুর করা হবে এবং আমরা সফল হবো।  

তিনি আরো বলেন, টেকসই সমাধান এবং উন্নয়নের জন্য আমরা নজর দিব। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন দেশের প্রতিটি উপজেলায় একশো শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কম্প্লেক্স নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত লোকজনের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এড মামুনুর রশিদ মামুন, বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোঃ ওমর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরানুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান প্রমুখ। টানা বর্ষণের ফলে বাঘাইছড়ি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। সড়ক, কালভার্ট, কৃষিজমি, মাছের ঘের ও পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান ও শতশত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও কাদা-পানিতে বসবাস করছে। বাঘাইছড়ি উপজেলার সাথে সড়ক পথে খাগড়াছড়ির যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কাদা-পানিতে কারনে স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। পানি নামার পরে এসব ক্ষত চিহ্ন ফুটে উঠে।

আপনার জেলার সংবাদ পড়তে