চাঁদপুরে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ১২:২৬ পিএম
চাঁদপুরে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ তহবিল থেকে (২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ) শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে ৬১ জন শিক্ষার্থীর মধ্যে মোট ২ লাখ ৩৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি  বিতরণ করা হয়। পাশাপাশি ৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বালিয়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন. জামিউল হিকমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারাক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম মিঠু,ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নারাজ ত্রিপুরা। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।  এ সময় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা বেগম, বালিয়া ভূমির তশিলদার ওমর ফারুক, বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, সহ সভাপতি ডা.সুখ রঞ্জন ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা, কম্পিউটার প্রশিক্ষক ও সমন্বয়কারী মো. তানভীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল যথাযথভাবে কাজে লাগানোর জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে