সম্প্রীতি, শান্তি ও সহাবস্থানের বার্তা নিয়ে সিলেটে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত শুভ রথযাত্রা মহোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথের সামনে হরিধ্বনির মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয়। এ সময় দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আগামী নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসবে প্রতিদিন ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।