শরণখোলায় একই বিছানায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:৩৩ পিএম
শরণখোলায় একই বিছানায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় কবির হাওলাদার (৩২) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (২৫) নামে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলা সদর রায়েন্দা বাজার সংলগ্ন খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে একই বিছানায় পাশাপাশি শোয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি বাগেরহাট মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।নিহত কবির হাওলাদার রাজৈর গ্রামের মো. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং পেশায় একজন জেলে। এই দম্পতির সাত বছর বয়সী এক কন্যা ও দেড় মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, বুধবার দিবাগত রাতে দুজনের মধ্যে ঝগড়ার পর একইসাথে বিষপান করে আত্মহত্যা করেছেন তাঁরা। অন্যরা বলছেন, দেনার দায়ে এই পথ বেছে নিয়েছেন এই দম্পতি।শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল বলেন, 'কবির হাওলাদার ও তাঁর পরিবারের সবাই শান্ত ও ভদ্র স্বভাবের। কী কারণে তাঁরা এই পথ বেছে নিয়েছেন, তা আমার জানা নেই। নিহত হালিমার বাবা বাবুল হাওলাদার জানান, মেয়ে ও জামাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। তবে মৃত্যুর প্রকৃত কারণ তিনি জানেন না। তিনি অভিযোগ করেন, দাম্পত্য কলহের পেছনে জামাইয়ের মায়ের কিছুটা ভূমিকা ছিল।  শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন, 'চাউলের ট্যাবলেট' খেয়ে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে