কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন বিওপির চৌকস টহল দল পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বাংলাদেশি কীটনাশক (এলবা) উদ্ধার করেছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি ১৯৮ বোতল কীটনাশক (এলবা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (সাতান্ন হাজার চব্বিশ) টাকা। একই দিন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কান্দিরপাড়া এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৩ কেজি গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২০,১৫০/- (বিশ হাজার একশ পঞ্চাশ) টাকা।
পরবর্তীতে ১৭ জুলাই শুক্রবার জামালপুর বিওপির একটি চৌকস টহল দল মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার ডাংমড়কা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ত্রিশ হাজার) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং সীমান্ত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।