বরিশালের গৌরনদী পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে কৌশলে তুলে নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার দিবাগত রাতে হামলায় গুরুত্বর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা লিটন বেপারী জানিয়েছেন, সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসা ছিলেন। এসময় যুবদল ও ছাত্রদলের ১০/১৫ জন ব্যক্তি এসে কৌশলে তাকে দোকান থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে ফেলে রেখে যায়।
সাবেক কাউন্সিলর লিটন বেপারীর আরও জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে রয়েছি এই বলেই হামলাকারীরা আমাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। তবে হামলার সাথে ছাত্র কিংবা যুবদলের কেউ জড়িত নেই জানিয়ে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল গোমস্তা জানিয়েছেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমাদের জানা নেই। ব্যক্তিগত কোন কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলেও তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।