ফিটনেসবিহীন সব যান দ্রুত অপসারণের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

এফএনএস (প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৫:১৭ পিএম
ফিটনেসবিহীন সব যান দ্রুত অপসারণের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী সব যানবাহন দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক সভায় তিনি এই কড়া নির্দেশ প্রদান করেন। বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও সভায় আলোচনা হয়েছে।

রাজধানীর সড়কে যানজট নিরসনে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে বলা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং ঢাকা দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে