নওগাঁবাসীর দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের বরুণকান্দি মোড়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তি, বেলুনে ফেষ্টুন উড়িয়ে ও মুনাজাতের মাধ্যমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
উদ্বোধনের পর মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারেরও ফলক উন্মোচন করেন, ঘুরে ঘুরে দেখেন এবং কেক কাটেন। এরপর মন্ত্রী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী এতে সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁর ছয়টি আসনের এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী বলেন, আজকের এই উদ্বোধনের মাধ্যমে উত্তরবঙ্গের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হলো। উল্লেখ্য, আইন ও হিসাববিজ্ঞান বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী আর আট জন শিক্ষক নিয়ে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।