রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা সুমন্তি চাকমা (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন্তি চাকমা সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তাকে শনিবার সকালে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন সহকর্মীরা। পথে দুর্ঘটনায় তিনি ও তার গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জানতে চেয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপন বাপ্পী চাকমাকে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পরে হাসপাতালের সিনিয়ির স্টাফ নার্স দীপিকা দেওয়ানকে ফোন করা হলে তিনি বলেন, ‘সকালে সাজেক থেকে এক গর্ভবতী নারীকে নিয়ে আসা হয়েছিল। আনায়নকারীরা জানিয়েছিল তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।’
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার তথ্য শুনেছি। তবে তিনি নিহত হয়েছেন কি না, সেই বিষয়ে জানা নেই।