রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৫:২০ পিএম
শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই

মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীন সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম লাল আর নেই। শনিবার (১৮ জুলাই) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।স্ত্রী বিয়োগের মাত্র ১০ দিনের মাথায় তিনিও চলে গেলেন। নিঃসন্তান এই দম্পতির মৃত্যুতে পরিবারে আর কোনো উত্তরসূরি রইল না।

বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নজরুল ইসলাম লাল শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পরে তিনি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।শরণখোলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে মো. নজরুল ইসলাম লাল একজন সদালাপী, সমাজহিতৈষী ও 'সাদা মনের মানুষ' হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় সচেতন সমাজ, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।আদর্শবাদী ও নির্লোভ এই মানুষটি জীবদ্দশাতেই সমাজসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিজের মৃত্যুর আগেই তিনি তাঁর ব্যক্তিগত জমিজমার একটি বড় অংশ স্থানীয় এতিমখানায় দান করে গেছেন।আমড়াগাছিয়া হাই স্কুল মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনকালে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খাতুন।

জানাজার নামাজে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা মনিরুল ইসলাম ফরাজী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান, বর্তমান সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বীরমুক্তিযোদ্ধা এম আফজাল হোসাইন, বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশাহ, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে