নীলফামারীে অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম
নীলফামারীে অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমান।

সভায় অতিথি ছিলেন নীলফামারী - ৪, সৈয়দপুর - কিশোরগঞ্জ  আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

সভায় এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ প্রচার কিংবা শেয়ার করা উচিত নয়। গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং সম্প্রীতি বিনষ্ট করে। তাই সচেতন নাগরিক হিসেবে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

অপরদিকে এমপি বিলকিস ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সচেতন হতে হবে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। কোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে তা প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সামাজিক সম্প্রীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় গুজব এবং অপপ্রচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে