ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ২১ জুলাই, ২০২৬, ০৪:২৬ পিএম | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৪:২৬ পিএম
ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ ব্যাটারীচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার (২১ জুলাই) বেলা বারোটার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

তারা হলেন, ময়মনসিংহ নগরীর জুবিলী ঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার আব্দুল মোতালেবের মেয়ে শীলা আক্তার (২৫) ও শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা সুলতানা (৩৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ব্যাটারি চালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে সাহেব কাচারীর দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে যায় এবং ঘটনাস্থলে  অটো রিকসার যাত্রী দেবরাজ ঘোষের মৃত্যু হয়। আহত হয় অটোচালকসহ আরও তিন নারী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করে। অপর এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এদিকে, অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।  পুলিশ ঘাতক  ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে