সৈয়দপুরে দুই শিক্ষিকার দখলে সরকারি কোটি টাকার সম্পত্তি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৪:৩৫ পিএম
সৈয়দপুরে দুই শিক্ষিকার দখলে সরকারি কোটি টাকার সম্পত্তি

নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় ছিল কাল্লু বাহাদুর নামে একটি পুকুর। এ পুকুরটি ছিল এনিমি (অর্পিত) সম্পত্তি। সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় সংলগ্ন বাহাদুর নামে প্রায় ৬০ শতকের ওই পুকুরটি এখন আর নেই। কতিপয় ব্যক্তি সরকারি ওই পুকুরটি দখলে নিয়ে তা ভরাট করে স্থাপনা নির্মাণ করেন। আবার কেউ কেউ দখল করা জমি মোটা অংকের টাকার বিনিময়ে পজেশন হস্তান্তর করেন।

জানা যায়, কোন প্রকার লিজ ছাড়াই দখলে থাকা জমির কিছু অংশ ৩৫ লক্ষ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ সালেহা খাতুনের  বিরুদ্ধে । ওই জমির আরও কিছু অংশ দখলে রেখেছেন সালেহা খাতুনের ননদ সৈয়দপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আরা। 

স্থানীয়দের দাবি,কতিপয় ব্যক্তি সরকারি নিয়ন্ত্রণাধীন সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সূত্র জানায়, সরকারি নীতিমালা অনুযায়ী লিজ বা অনুমোদন ছাড়া এনিমি সম্পত্তি হস্তান্তর কিংবা বিক্রির সুযোগ নেই। অথচ মুন্সিপাড়া এলাকায় কিছু ব্যক্তি নিজেদের মালিকানা দাবি করে এসব জমি অন্যের কাছে বিক্রি করছেন। এতে প্রকৃত আইনি অবস্থা সম্পর্কে অজ্ঞ ক্রেতারাও প্রতারণার ঝুঁকিতে পড়ছেন।

সচেতন ব্যক্তিরা বলছেন,এনিমি বা সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত ভূমি প্রশাসন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তদন্ত প্রয়োজন।  জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তি সংরক্ষণের দাবি জানান তারা।

সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন,ওই জমি নিয়মঅনুযায়ি মহিলা কলেজের ছিল। কিন্তু ওই সময় একটি চক্র পুকুর দখলে নিয়ে ভরাট করে।

সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহিদ শিহাব বলেন,জমির বিএস রেকর্ড কলেজের নামে হয়েছে। 

এ ব্যাপারে সালেহা খাতুনের সাথে যোগাযোগ করতে তার কর্মস্থলে গেলে তাকে পাওয়া যায়নি। ফলে তার মতামত প্রকাশ করা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে