নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন প প উপপরিচালক

এফএনএস (রওশন জাহান, মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৭:৫৬ পিএম
নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন প প উপপরিচালক

অবশেষে নওগাঁর সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেই ফেললেন সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণ করে ভাইরাল হওয়া সেই জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম। সোমবার (২০ জুলাই) নওগাঁ সদর থানায় তিনি লিখিত অভিযোগটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ ব্যানার্জী। ওসি বলেন, সকালে থানায় এসে জানতে পারি গোলাম মোহাম্মদ আজম নামে এক ব্যক্তি বাদী হয়ে সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। থানায় অভিযোগের বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম জানান, গত কালকের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি। উল্লেখ্য, নওগাঁয় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত ওই ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ। ওই ইউনিয়ন থেকে সদর স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় চরম বিপাকে পড়েছেন রোগীরা। জ্বর সর্দি কাশির মতো ছোটখাটো অসুস্থতার জন্য আসতে হয় কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে। যা খুবই কষ্টের বিষয়। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধের কারণ এবং কবে নাগাদ এটি চালু হতে পারে তা সুনির্দিষ্ট করে জানতে গত ১৯ জুলাই দুপুরে ওই কর্মকর্তার কাছে যান গণমাধ্যমকর্মীরা। এ সময় যমুনা টিভির ক্যামেরা ব্যাগ থেকে বের করতেই ক্ষেপে যান উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম। বলেন, পূর্বানুমতি ছাড়া ক্যামেরা বের করার কোন সুযোগ নেই। পরে এনটিভি, চ্যানেল ২৪, স্টার নিউজ, বৈশাখী টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল নাইন, এশিয়ান টিভির সাংবাদিকসহ ১০-১৫ জন সাংবাদিক ওই অফিসে যান। সকলের সামনে মামলা করার হুমকি দেন ওই কর্মকর্তা। পরে গভীর রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে নওগাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে। নিন্দা জানিয়েছে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের এমন আচরণ সরকারি কর্মচারী বিধিমালার লঙ্ঘন কি না? তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় সাংবাদিকদের। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় দ্রুত নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন হাঁসাইগাড়ী ইউনিয়নের বাসিন্দারা। প্রত্যন্ত ওই জনপদের কয়েক হাজার পরিবাবের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া ছাড়া বিকল্প নেই। সেই প্রশ্ন করলে উপ পরিচালক গোলাম মোহাম্মদ আজম আকস্মিক আমার উপর মারমুখী আচরণ করেন। তিনি অকথ্য ভাষায় আমার ভিডিও জার্নালিস্টকে গালিগালাজ করেছেন। পরে সহকর্মীরা তার অফিসে গেলে তিনি আমাকে মামলার হুমকি দেন। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক এনটিভির সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান জয় জানান, শফিক ছোটনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হচ্ছে এমন খবর পাওয়ার পর তাৎক্ষণিক সেখানে গিয়েছিলাম। ওই কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে হুমকি-ধামকি দিলেন, তার আচরণ কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। নিজের মধ্যে চেপে রাখা অন্য কারোর উপরের ক্ষোভ তিনি সাংবাদিকদের উপর ঝাড়লেন বলে মনে হয়েছে। এমন কর্মকর্তা শান্তিপ্রিয় জেলা নওগাঁর জন্য সঠিক নয়। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম জানান, জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অবিলম্বে এই কর্মকর্তাকে প্রত্যাহার করা না হলে কর্মসূচি গ্রহণ করবে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

আপনার জেলার সংবাদ পড়তে