গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, সমস্যা, সম্ভাবনা, অগ্রগতি ও জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকরা
নবাগত ইউএনও মহোদয়কে আন্তরিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
এতে নবাগত ইউএনও হাফিজুল হক সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও পরামর্শে সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন আলোচনা পর্বে পরিচালনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।
কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাংবাদিক আব্দুল কাইয়ুম, আবু সাঈদ, তপন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়া এনটিভি অনলাইন প্রতিনিধি এখলাছ উদ্দিন, মাই টিভির প্রতিনিধি সজীব, দৈনিক সমাচারের প্রতিনিধি হাবিবুর রহমান এবং সাংবাদিক ইব্রাহিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক তাঁর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সমাজের বাস্তবতা সবার সামনে ফুটে ওঠে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সাংবাদিকতা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উন্নয়ন কর্মকান্ড, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। তাতে জনগণের কাছে প্রশাসনের জবাবদিহি বৃদ্ধি পাবে।
সাংবাদিকরা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্যের আদান-প্রদান এবং সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় পর্বে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসেবা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ভবিষ্যতেও প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের ভবন সংস্কার সহ পেশাগত মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতার দাবির প্রতি নতুন ইউএনও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং জনকল্যাণে যৌথভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।