বহুদিন ধরে নিজের বলতে ছিল না একটি নিরাপদ ঘর। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার জীবনই ছিল মানসিক প্রতিবন্ধী ইদ্রিস মিয়ার নিত্যসঙ্গী। অবশেষে তার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা গলের চর গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়ার জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। ঘর হস্তান্তরের দিন ছিল আবেগঘন। নতুন ঘরের চাবি হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ইদ্রিস মিয়া। আনন্দ আর আবেগে আপ্লুত হয়ে তিনি ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। উপস্থিত অনেকেই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে আমরা দায়িত্ব মনে করি। এ পর্যন্ত নয়টি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুস্থ ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং কর্মহীন মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে অটোভ্যানসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।”
স্থানীয়রা জানান, ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এমন উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একজন অসহায় মানুষের জীবনকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।