কালীগঞ্জে অফিস সময়ে চিকিৎসক ও বিক্রয় প্রতিনিধির কৃষি কাজ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৬:০২ পিএম
কালীগঞ্জে অফিস সময়ে চিকিৎসক ও বিক্রয় প্রতিনিধির কৃষি কাজ

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ অরুন কুমার মন্ডলের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলা,ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দিয়ে ব্যক্তিগত ও গৃহস্থলীর কাজ করানো এবং আর্থিক সুবিধার বিনিময়ে নিন্মমানের ওষুধ প্রেসক্রিপশনে লেখার গুরুতর অভিযোগ উঠেছে।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন ডাঃ অরুন কুমার মন্ডল। নিয়ম অনুযায়ী হাসপাতালে সেবা দেওয়ার কথা থাকলেও তিনি ৯টায় হাসপাতাল ত্যাগ করেন। একটি ওষুধ কোম্পানির মেডিকেল রি-প্রেজেন্টেটিভ মারুফ হোসেনকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে করে প্রায় ৪ কিলোমিটার দূরে কালীগঞ্জ মল্লিকপুর রোডের নরেন্দ্রপুর নামক স্থানে একটি কৃষি জমিতে যান। সেখানে ওই বিক্রয় প্রতিনিধিকে দিয়ে নিজের বাগান পরিচর্যা ও বিভিন্ন ধরনের কৃষিকাজ করেন।স্থানীয়ভাবে জানা গেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও যশোরের নিজ বাড়িতেও চিকিৎসকের ব্যক্তিগত ও গৃহস্থলীর নানা কাজ এই বিক্রয় প্রতিনিধি দিয়ে করে থাকেন। শুধু এক কোম্পানির বিক্রয় প্রতিনিধি নয় বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এই কৃষিকাজ সহ গৃহস্থলীর কাজ করে থাকে। প্রতিদানস্বরূপ তিনি রোগীদের অপ্রয়োজনীয় এবং নিন্মমানের কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লিখে থাকেন যা সাধারণ রোগীদের আর্থিক ও শারীরিক উভয় ভাবেই ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয় নিকটতম কিছু বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে নানা ধরনের আর্থিক ও অনৈতিক সুবিধা নিয়ে থাকেন ডাঃ অরুন কুমার মন্ডল। 

মাঠের কাজ শেষ করে প্রায় দুই ঘণ্টা পর ডাঃ অরুন কুমার মন্ডল পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসেন সরকারি দায়িত্ব পালন করতে এবং নিজ কক্ষে বসে রোগী দেখা শুরু করেন।এ সময় তার কক্ষের বাইরে নিয়ম বহির্ভূত ভাবে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরাই সিরিয়াল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ অরুন কুমার মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন এমনটি আমি নিয়মিত করি না। বিশেষ কারনে বিক্রয় প্রতিনিধিকে নিয়ে বাইরে গিয়েছি। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসা সেবার মতো স্থানে এমন অনিয়ম ও পেশাগত দায়িত্বহীনতার বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাব। ঝিনাইদহ সিভিল সার্জন কামরুজ্জামান বলেন, বিষটি আমি জানতে পেরেছি,খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।

আপনার জেলার সংবাদ পড়তে