মহেশপুরের শ্যামকুড় বাজারের সরকারি ম্যাপের রাস্তার জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক ইউপি সভাপতি জামিরুল হক। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে অবৈধ ক্ষমতার জোরে চেয়ারম্যানের দোকানঘর নির্মাণ প্রায় শেষের দিয়ে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি এলাকাবাসী।
জানা গেছে, সরকারি খতিয়ানের ৪৫০১নম্বর দাগে প্রায় ৬৬ শতক জমি রয়েছে। শ্যামকুড় বাজারের সরিষাঘাটা রাস্তার পাশের ওই জমি মধ্যে প্রায় ৫ শতকের বেশি জমি দখল করে দোকানঘর নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জামিরুল হক। সেই সাথে তিনি ঘরের পাশের সরকারি জমি মাটি ফেলে ভরাট করে দখলে রেখেছেন। এদিকে এলাকাবাসী দোকান ঘর নির্মাণে বাধা দিতে গেলে চেয়ারম্যান তাদের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে ইউনিয়ন য্বুদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ বলেন, সরকারি জমি দখল করে চেয়ারম্যান জামিরুল হক দোকানঘর নির্মাণ করছেন। এতে করে মাছে যাওয়ার রাস্তাটি সরু হয়ে গিয়েছে। বাধা দিতে গেলে তিনি হুমকি ধামকি দিচ্ছেন। প্রায় ১০ বারেরও বেশি সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার কাছে গিয়েও কোন কাজ হয়নি। চেয়ারম্যানের সরকারি জমিতে দোকানঘর নির্মাণ প্রায় শেষের দিকে।
চেয়ারম্যান জামিরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, পাশের জমির মালিকের মধ্যে সরকারি জমি বেশি রয়েছে। ৪৫০১ নম্বর দাগের নিজের ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণ করছি। জমির কাগজ পাতি আমার কাছে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড এখানে এসে দেখে গিয়েছেন। এব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি শুনেছি। এসিল্যান্ড ও ইউনিয়ন নায়েবের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।