হাশমতউল্লাহ শহীদি ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর টেস্ট ও ওয়ানডেতে নতুন অধিনায়ক ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড- এসিবি। এই দুই ফরম্যাটে রহমত শাহ এখন থেকে নেতৃত্ব দেবেন আফগানিস্তানকে। সম্প্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান শহীদি। তার অধীনে অবশ্য স্মরণীয় অনেক ম্যাচ আছে আফগানিস্তানের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করে। বিশ্বকাপে ৬ষ্ঠ হয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় পায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকেও হারিয়েছিল আফগানরা। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারায় খেলা হয়নি সেমিফাইনালে। শহীদ সরে দাঁড়ানোয় নতুন কাউকে দায়িত্ব দিতে হতো। আফগান বোর্ড সেই দায়িত্ব তুলে দিয়েছে রহমত শাহর কাঁধে। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার আফগানিস্তানের হয়ে ১২টি টেস্ট ও ১২৮টি ওয়ানডে খেলেছেন। একটি টি-টোয়েন্টি খেলা হলেও এই ফরম্যাটে অবশ্য থিতু হতে পারেননি। এই দুই ফরম্যাটে নতুন সহ-অধিনায়কও ঘোষণা করা হয়েছে। এই দায়িত্ব পেয়েছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। বিদায়ী অধিনায়ক শহীদিকে নিয়ে এসিবি লিখেছে, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময়ে তার মূল্যবান অবদান, নিষ্ঠা ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে ভবিষ্যতের পথচলায় তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে বোর্ড।’