জামালপুরে পেছন থেকে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাহ হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং নিহত অপরজন অজ্ঞাত।
পুলিশের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলো। স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুই জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামে রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ছয় জন আহত হয়। স্থানীয়রা আমাকেসহ গুরুত্বর আহতবস্থায় তিন জনকে হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, আমার চাচা প্রবাসী ছিলো। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সাথে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও অপর ব্যাক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।