৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩০ পিএম
৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজধানীর গণভবনকে রূপান্তরিত করে তৈরি করা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

গণভবনকে একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখা হলেও ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ। ওই দিনের নানা স্মৃতি, আন্দোলনের দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, রক্তমাখা পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিভিন্ন নিদর্শন সংরক্ষণে পরে গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।

তবে কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি শেষ হওয়ায় ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন।”

তিনি জানান, ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারের উদ্যোগ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্মৃতি ও নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। সেই সময়ের আন্দোলনের নানা দলিল ও স্মারক এখন সংরক্ষিত রয়েছে গণভবনের এই নতুন জাদুঘরে।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে