শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৬ পিএম
শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পর মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে নৌ সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন নৌবাহিনী প্রধান। এ জন্য আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম চাকরিজীবনে ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে