নড়াইলের কালিয়ায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ইউপি সদস্য মো. মণি মিয়া শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে। এ নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন পানিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মণি মিয়া শেখ কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন জয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চর জয়পুর গ্রামের মৃত সনা মিয়া শেখের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে খাশিয়াল ইউনিয়নের পুটিমারী বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ি চর জয়পুর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে পানিপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২৪ জুলাই) তাকে ঢাকায় প্রেরণ করা হলে বিকেল ৩টার দিকে পথেই তার মৃত্যু হয়। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, হামলাটি ছিল পুরোপুরি পূর্বপরিকল্পিত। রাজনৈতিক ও স্থানীয় বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মণি মিয়া শেখের উপর এই হামলা চালিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে এই হত্যাকাণ্ডের পর চর জয়পুর, পানিপাড়া ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম জানান, "এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।"