বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব-২০২৬। শিক্ষার্থীদের একশটিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, গবেষণাধর্মী উপস্থাপনা এবং সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে উৎসবটি জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ জুলাই) সকালে পটুয়াখালী জেলা জিমনেসিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উৎসবের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারেক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব এবং অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত একশ’টিরও বেশি উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক প্রকল্প ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা, বাস্তব প্রয়োগ ও উদ্ভাবনী দিক সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, রোবটিক্স, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান ভিত্তিক নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সুযোগ করে দেয়, নতুন কিছু ভাবতে উদ্বুদ্ধ করে এবং গবেষণা মুখী হতে উৎসাহিত করে। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুই দিনব্যাপী এ উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনী, গবেষণাধর্মী উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তাসহ বিপুলসংখ্যক দর্শনার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।