মুলাদীতে

মাদক পৌঁছে দিতে রাজি না হওয়ায় ইলেক্ট্রিক মিস্ত্রীকে পিটিয়ে আহত

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম
মাদক পৌঁছে দিতে রাজি না হওয়ায় ইলেক্ট্রিক মিস্ত্রীকে পিটিয়ে আহত

বরিশালের মুলাদীতে মাদক পৌঁছে দিতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর নয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুল মোল্লা ওই এলাকার ছত্তার মোল্লার ছেলে। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাইদুল মোল্লা জানান, তিনি প্রতিবেশীর একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দড়িচর নয়ঘর এলাকার হাবিবুল রাড়ীর ছেলে শুক্কুর রাড়ী (৪৫) তার গতিপথ রোধ করে এবং একটি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের প্যাকেট প্যাদারহাটে পৌঁছে দেওয়ার জন্য এক হাজার টাকার প্রলোভন দেখায়। সাইদুল এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্কুর রাড়ী তার ওপর ক্ষিপ্ত হন।  পরবর্তীতে সাইদুল, শুক্কুর রাড়ীর বাড়ির সামনে পৌঁছালে শুক্কুর ও তার সহযোগীরা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাইদুলকে পিটিয়ে গুরুতর আহত করে এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে নিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনায় সাইদুল মোল্লা বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে শুক্কুর রাড়ীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, 'আহত যুবক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আপনার জেলার সংবাদ পড়তে