গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৩:০৮ পিএম
গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন পুকুর থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এই যুবকের নাম সাবিদুল ইসলাম (৩৫)। পাশ্ববর্তী এলাকায় তার বাড়ি। বাবার নাম কালাম হোসেন। গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন সাবিদুল। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন বলে জানিয়েছে পুলিশ। গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে পুকুরের পানিতে সাবিদুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সেটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, তারা মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে