সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৪:৪৫ পিএম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। পৃথকভাবে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম এই অভিযোগ জমা দেয়। অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানের পাশাপাশি বিভিন্ন আলোচিত ঘটনায় তাদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করা হয়। একই দিনে রাষ্ট্রসংলাপ ফোরামও সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ জমা দেয়। সেখানে অভিযোগ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা সরকারের সময় গুমের শিকার হয়ে পরে ফিরে আসা অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানির সময় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন মো. সাহাবুদ্দিন। কিন্তু অভিযোগ অনুযায়ী তিনি প্রয়োজনীয় ভূমিকা পালন করেননি। ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম ও হত্যার অভিযোগের বিরুদ্ধেও কোনো প্রতিবাদ জানাননি। অভিযোগে এসব ঘটনায় তাঁর মৌন সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।

ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের সহিংসতা, গুম এবং খুনসহ বিভিন্ন আলোচিত ঘটনার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের "সুপিরিয়র রেসপনসিবিলিটি" নীতিমতে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলে দায়িত্বশীল সর্বোচ্চ কর্তৃপক্ষও জবাবদিহির আওতায় আসতে পারেন। সে বিবেচনায় তৎকালীন রাষ্ট্রপতিরা প্রয়োজনীয় পদক্ষেপ নেননি, বরং তৎকালীন সরকারকে সহযোগিতা ও সুরক্ষা দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে দাবি করা হয়।

এদিকে রাষ্ট্রসংলাপ ফোরাম অভিযোগে আরও দাবি করেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকাও আইনানুগভাবে তদন্ত করা হোক। সংগঠনটি অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাসসহ কয়েকজন ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেছে।

অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো তখনও তিনি পড়ে দেখেননি। তাঁর ভাষ্য, "অভিযোগ আমাদের কাছে এলে আমরা সাধারণত তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিই। এক্ষেত্রেও আমার কাছে উপস্থাপিত হলে সেটি তদন্ত সংস্থায় পাঠিয়ে দেওয়া হবে। এর বাইরে আমি কিছু জানি না।"

আপনার জেলার সংবাদ পড়তে