রক্তস্নাত জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে লক্ষ্ণীপুরে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় লক্ষ্ণীপুর জেলা স্টেডিয়ামের আউটার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনে লক্ষ্ণীপুরের শহীদ পরিবারের সদস্যরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্ণীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন। সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্ণীপুর জেলা শাখার নেতা মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শহীদ ওসমান পাটোয়ারী একাদশ (রায়পুর) ও শহীদ কাউছার হোসেন বিজয় একাদশ (চন্দ্রগঞ্জ)। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ২ গোলের ব্যবধানে শহীদ ওসমান পাটোয়ারী একাদশ (রায়পুর) হারিয়ে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে শহীদ কাউছার হোসেন বিজয় একাদশ (চন্দ্রগঞ্জ)।
অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন মোবারক হোসেন। আয়োজকরা জানান, রেফারির দায়িত্ব পালন করেন এনামুল হক ইমন। সহকারী রেফারি ছিলেন শাওন ও রাতুল। টুর্নামেন্টে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জুলাই ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্ণীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ, নতুন প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।