সততার দৃষ্টান্ত দেখালেন ঝালমুড়ি বিক্রেতা জয়নাল

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০২:২৬ পিএম
সততার দৃষ্টান্ত দেখালেন ঝালমুড়ি বিক্রেতা জয়নাল

অভাব-অনটনের সংসার। জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রি করেই চলে দিন। তবুও সততার পরীক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতা জয়নাল আবেদীন (৪৪)। রোববার সন্ধ্যায় রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পান তিনি। সন্দেহ হলে ব্যাগটি খুলে দেখেন, ভেতরে রয়েছে নগদ ৩৭ হাজার টাকা। টাকা নিজের কাছে রেখে না দিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন জয়নাল। এ বিষয়ে তিনি স্থানীয় সংবাদকর্মী আনিছের সহযোগিতা চান। পরে ঘটনা বিস্তারিত জেনে ওই সংবাদকর্মী তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই পোস্টটি টাকার প্রকৃত মালিকের স্বজনদের নজরে আসে। তারা জয়নালের সঙ্গে যোগাযোগ করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত লোকজনের সামনে তিনি পুরো ৩৭ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেন। টাকা ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হন ৯০ বছর বয়সী আবুল হোসেন। তিনি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জয়নালের সততার প্রশংসা করে বলেন, এই টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। এমন একজন সৎ মানুষ এখনও সমাজে আছেন বলেই তিনি তাঁর কষ্টার্জিত টাকা ফিরে পেয়েছেন।

স্থানীয় আনিছুর রহমান বলেন, চরম দারিদ্র্যের মধ্যেও জয়নাল আবেদীনের এই সততা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এমন মানবিক ও নৈতিক আচরণ সবার প্রশংসা কুড়িয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে