দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নের বিভিন্ন ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় টংগুয়া হাসনাবাগ দ্বি- মূখী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ফুটবল বিতরণ করা হয়। এর আগে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেই একটি গণিত ক্লাস নেন।
ক্লাসে ইউএনও শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করেন।
পরে তিনি ভেড়ভেড়ী ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মেহরাজুল আলম সুফি, টংগুয়া হাসনাবাগ দ্বি- মূখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান (জিএম), বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ক্লাবের সদস্য এবং ক্রীড়াপ্রেমী কিশোররা।
ফুটবল বিতরণের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।