চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ পিএম
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চাঁদপুরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় জাতীয় প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী দিবসটি সফলভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বক্তারা জানান, ফ্যাসিস্ট শক্তি বাদে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব স্টেকহোল্ডার, জামায়াত, এনসিপি, ইসলামী দলসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচিতে একসঙ্গে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে কিন্তু আলোচনা হবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিচালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির,জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম,জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী,জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান,চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ।

এছাড়াও সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটি উদযাপনে চাঁদপুরে একটি সুসংহত ও ব্যাপক কর্মসূচি গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে