সাতকানিয়ায় জায়গা পরিমাপের সময় এক ব্যাক্তির মৃত্যু

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০৩:১৩ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৩:১৩ পিএম
সাতকানিয়ায় জায়গা পরিমাপের সময় এক ব্যাক্তির মৃত্যু

সাতকানিয়ায় জায়গা-জমির পরিমাপকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার ছদাহা ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃতের নাম মুহাম্মদ ইউনুছ (৫৫)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এজাহার মিয়ার দোকানের দক্ষিণ পাশে রবি চান পাড়ার ফজল করিম ও সাগেরা বেগমের পুত্র।

পুলিশ ও স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, সকালে এজাহার মিয়া ও নুর মুহাম্মদের জায়গার পরিমাপ চলছিল। সেখানে সীমানার খুঁটি স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউনুছকে চড় মারেন নুর মুহাম্মদ। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। এক পর্যায়ে ইউনুছ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রী হাজেরা বেগমকে সাথে নিয়ে ঘটনাস্থলে এলে নুর মুহাম্মদ গং এর সাথে ঝগড়ার এক পর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ভিকটিমকে দ্রুত কেরানিহাট আশশেফা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেরানিহাট আশশেফা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রক্তিম গুহ কাব্য জানান, মুহাম্মদ ইউনুছকে বেলা ১১ টা ১৫ মিনিটের সময় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ টমটম চালাতেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি ২ মেয়ে ও ৩ ছেলের জনক। মেয়েদ্বয় বিবাহিতা। ২ ছেলে প্রবাসী। বাড়িতে অবস্থানরত ছেলে জোবাইর (২২) বলেন, আমার আব্বাকে মেরে ফেলা হয়েছে। আগেও বহুবার আঘাত করেছে। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি চাই। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। উক্ত বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে