সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৬:২০ পিএম
সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ

নোয়াখালীর সেনবাগে বিএনপির উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি।

অনুষ্ঠানে বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি সফল করতে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে