সুনামগঞ্জ শহরতলীর শ্রীপুর এলাকার সুরমা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহটি একজন অমুসলিম যুবকের। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিরিছপুর এলাকার লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে মরদেহটি ভেসে শ্রীপুর গ্রামের কাছে পৌঁছালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এছাড়া তার পরনে ছিল একটি ফুলহাতা শার্ট ও হাফপ্যান্ট। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা অথবা ভারতের কোনো অঞ্চলের বাসিন্দা হতে পারেন। সাম্প্রতিক পাহাড়ি ঢলের পানিতে মরদেহটি সুরমা নদীতে ভেসে এসেছে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পরিচয় শনাক্তের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্তে সহায়তার জন্য পিবিআই সিলেটকে অবহিত করা হয়েছে।