নেশাজাতীয় তরল পান করে হবিগঞ্জে ৫ জনের মৃত্যু

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৮:১৯ পিএম
নেশাজাতীয় তরল পান করে হবিগঞ্জে ৫ জনের মৃত্যু
ছবি, সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় সন্দেহজনক নেশাজাতীয় তরল পান করার পর অনাকাঙ্খিত পাঁচজনের মৃত্যু ঘটনা ঘটেছে। গত বুধবার (২৯ জুলাই) ও বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হলেও ঘটনাটি প্রকাশ্যে আসে আজ শুক্রবার। 

নিহতরা হলেন উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০) ও সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২) ও তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, তারা লাখাই উপজেলার মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় একটি তরল সংগ্রহ করে নিয়মিত নেশার উদ্দেশ্যে পান করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় ও হাসপাতালে নেওয়ার পথে একে একে পাঁচজনের মৃত্যু হয়। সুজিত দাসের মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে, সুদেব দাস মারা যান হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং রঞ্জিতের মৃত্যু হয় ঢাকায় নেওয়ার পথে। নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতদের মধ্যে চারজনের মরদেহ স্বজনরা পুলিশকে না জানিয়েই দাহ করেছেন। শুধু সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে